নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যা নারী ক্রিকেটের যেকোনো বিশ্বকাপে সর্বোচ্চ।
সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালে, যেখানে অংশ নিয়েছিল ১০টি দল। এবার অংশ নেবে ১২টি দল। আগের আসরের তুলনায় এবারের প্রাইজমানি বেড়েছে প্রায় ১০ শতাংশ, মোট অর্থের পরিমাণ প্রায় ১০৮ কোটি টাকা।
এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২৮ কোটি ৮০ লাখ টাকার বেশি, আর রানার্সআপ দল পাবে ১৪ কোটি ৪০ লাখ টাকার বেশি।
এছাড়া সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। গ্রুপপর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ১৫৪ ডলার।
কোনো ম্যাচ না জিতলেও প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি দল পাবে ন্যূনতম ৩ কোটি ৫ লাখ টাকা। ফলে বিশ্বকাপে অংশ নিয়েই বাংলাদেশ দল নিশ্চিতভাবে এ অর্থ পাবে।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত বলেন, নারী ক্রিকেট দ্রুত এগিয়ে যাচ্ছে এবং আসন্ন বিশ্বকাপের প্রাইজমানি সেই অগ্রগতির প্রতিফলন। এর মাধ্যমে খেলাটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
0 Comments