কক্সবাজারের রামু উপজেলায় এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফতেখারকুল ইউনিয়নের শ্রীধন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম মায়া তঞ্চগ্যা (১৫)। তার বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীধন পাড়ার বাসিন্দা সাধন বড়ুয়ার তিনতলা বাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মায়াকে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
রামু থানার উপপরিদর্শক (এসআই) নিক্সন চৌধুরী জানান, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, মায়া প্রায় তিন বছর ধরে ওই বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। ঘটনার দিন দুপুরে গৃহকর্তার স্ত্রীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এর জেরে অভিমান থেকে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ।
0 Comments