সংসদে একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাস হয়েছে।

আজকের এসব বিলসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত মোট ৯১টি বিল পাস হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।

অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।

পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন বিল, ২০২৬’, ‘বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল, ২০২৬’, ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, ‘এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬’, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’, ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, ২০২৬’, ‘অর্থ ২০২৫-২০২৬ অর্থবছর বিল, ২০২৬’, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, ২০২৬’, ‘বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) বিল, ২০২৬’, ‘জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল, ২০২৬’, ‘সাইবার সুরক্ষা বিল, ২০২৬’, ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, ২০২৬’সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল।

এছাড়া ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ও পাস হয়েছে।

‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’ পাসের আগে বিরোধী দলের সদস্য সাইফুল ইসলাম মিলন জনমত যাচাইয়ের প্রস্তাব দিলেও তা কণ্ঠভোটে নাকচ হয় এবং বিলটি পাস হয়।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী উত্থাপিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের আগে সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয় এবং পরে বিলটি পাস হয়।

অধিবেশনের শেষদিকে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ও কণ্ঠভোটে পাস হয়।

Post a Comment

0 Comments