ধানমন্ডি থেকে গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

সিবি ডেক্স: জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ডিবি সূত্র জানায়, তার বিরুদ্ধে মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

জানা গেছে, ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনকে আসামি করা হয়। ওই মামলায় টিপু মুনশি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন শিরীন শারমিন চৌধুরী। ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠনের সময় আবদুল হামিদ স্পিকার নির্বাচিত হন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন। এরপর টানা চারবার তিনি এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। পরবর্তীতে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এরপর ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী।

Post a Comment

0 Comments