বেনাপোলে বিজিবি ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী যুবক নিহত

যশোরের বেনাপোলে বিজিবির একটি থ্রি-টন ট্রাকের ধাক্কায় মো. রোমান (২১) নামে এক সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল-শার্শা সড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান বেনাপোল এলাকার সুমন শেখের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর একটি থ্রি-টন ট্রাক ব্যাটালিয়ন সদর থেকে পুটখালী সীমান্তের দিকে জনবল নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আমড়াখালি চেকপোস্ট এলাকায় পৌঁছালে শার্শা থেকে বেনাপোলগামী রোমানের সাইকেলের সঙ্গে ট্রাকটির পেছনের বাম পাশে ধাক্কা লাগে।

এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর বেনাপোল ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে পরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন আলী জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি ল্যান্স নায়েক মো. আজগর আলী চালাচ্ছিলেন। মরদেহ বর্তমানে যশোর সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Post a Comment

0 Comments