সিবি ডেক্স: বান্দরবানের পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে ঢাকা থেকে আসা ‘সৌদিয়া পরিবহন’-এর একটি পর্যটকবাহী বাস। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে চালক ও সহকারীসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই পর্যটক।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বাঁক নিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গভীর রাতে বিকট শব্দে দুর্ঘটনা ঘটলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষকে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এতে সাড়া দিয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধারে অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, বাসের ভেতরে আটকা পড়া পর্যটকদের চিৎকার শুনে তারা জীবনের ঝুঁকি নিয়ে খাদে নেমে উদ্ধার কাজ চালান। অনেককে আহত অবস্থায় বের করে হাসপাতালে পাঠানো হয়। বেশিরভাগের আঘাত তুলনামূলক কম হলেও সুপারভাইজারসহ পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি ঢালু ও আঁকাবাঁকা সড়কে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও ৫ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্টরা।
0 Comments