বগুড়ায় দুর্ঘটনায় পরিবার নিহত, শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

সিবি ডেক্স: বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া দেড় বছরের এক শিশুকন্যার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন তিনি।

দুর্ঘটনায় আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যার পর প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

তিনি জানান, প্রধানমন্ত্রী আহত শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেছেন।

এছাড়া দুর্ঘটনায় আহত অন্যদের চিকিৎসা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Post a Comment

0 Comments