ভৌগোলিকভাবে ঈদগড় ইউনিয়নের দক্ষিণে রয়েছে গর্জনিয়া ও জোয়ারিয়ানালা ইউনিয়ন, পশ্চিমে ঈদগাঁও উপজেলা সদর ও ইসলামাবাদ ইউনিয়ন, উত্তরে খুটাখালী ও বাইশারী ইউনিয়ন এবং পূর্ব দিকেও রয়েছে বাইশারী ইউনিয়ন।
স্থানীয়দের মতে, ঈদগড় বাজার থেকে ঈদগাঁও উপজেলা সদর পর্যন্ত দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। ফলে প্রশাসনিক, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে ঈদগাঁও উপজেলার সঙ্গে যুক্ত থাকলে সাধারণ মানুষের জন্য তা অনেক বেশি সুবিধাজনক হবে।
এলাকাবাসীর দাবি, ঈদগড় ইউনিয়নকে ঈদগাঁও উপজেলার অন্তর্ভুক্ত করা হলে স্থানীয় জনগণের জীবনমান উন্নত হবে। একই সঙ্গে শিক্ষা ও চিকিৎসা সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত হবে। প্রশাসনিক কার্যক্রম সহজ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সেবা কার্যক্রমও আরও গতিশীল হবে বলে তারা মনে করেন।
পরিসংখ্যান অনুযায়ী, ঈদগড় ইউনিয়নের মোট আয়তন ১২ হাজার ৮৬৫ একর, যা প্রায় ৫২.০৬ বর্গ কিলোমিটার। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী এখানে বসবাস করেন ২৩ হাজার ৩৯৪ জন মানুষ।
স্থানীয়রা বলছেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় ঈদগড় ইউনিয়নকে ঈদগাঁও উপজেলার সঙ্গে যুক্ত করা সময়ের দাবি। এতে প্রশাসনিক কাজ, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
এ বিষয়ে এলাকাবাসী আলা উদ্দিন বলেন, বিভিন্ন প্রয়োজনীয় কাজ ও সেবা গ্রহণের জন্য রামুতে যেতে হলে অনেক কষ্ট করতে হয়। দূরত্ব বেশি হওয়ায় যাতায়াত সময়সাপেক্ষ ও দুর্ভোগপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে জরুরি কোনো কাজ থাকলেও সেখানে যেতে গিয়ে প্রায় পুরো একটি দিন নষ্ট হয়ে যায়। এতে স্থানীয় মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হয় এবং অনেক সময় প্রয়োজনীয় সেবাও সময়মতো পাওয়া যায় না।
0 Comments