স্বাধীনতা দিবসে বিএনপির দুদিনের কর্মসূচি, স্মৃতিসৌধে শ্রদ্ধা ও আলোচনা সভা

সিবি ডেক্স: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (২২ মার্চ) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এর আগে ভোর ৫টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে ঢাকায় ফিরে এসে দলের জাতীয় নেতারা মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। একই দিনে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এর আগের দিন বুধবার (২৫ মার্চ) দুপুর আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জাতীয় নেতাসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ অংশ নিয়ে বক্তব্য দেবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং ক্রোড়পত্র প্রকাশ করা হবে। পাশাপাশি সারাদেশে জেলা, মহানগর, উপজেলা ও পৌর পর্যায়ে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে দলের সব ইউনিট। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নিজ নিজ উদ্যোগে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে।

দলীয় নেতাকর্মীদের কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।

Post a Comment

0 Comments