বুধবার রাতে ইরানের হামলায় কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে কাতারএনার্জি। এতে স্থাপনাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।
হামলার আগে ইরান এই স্থাপনাসহ উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছিল। সেই প্রেক্ষিতে কয়েক ঘণ্টা আগেই এলাকা আংশিক খালি করা হয়েছিল।
কাতারের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত রাস লাফান বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি উৎপাদন কেন্দ্র, যেখান থেকে বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ সরবরাহ করা হয়।
বিশ্লেষকদের মতে, এমন গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ঝুঁকির মুখে ফেলেছে।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
তারা আরও অভিযোগ করেছে, কাতার সংঘাত থেকে দূরে থাকার চেষ্টা করলেও ইরান বারবার কাতারসহ প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক শান্তিকে হুমকির মুখে ফেলছে।
0 Comments