সিবি ডেক্স: কুমিল্লার পদুয়ার বাজারে বাস-রেলের ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ জানান।
রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মন্ত্রীকে ফোন করেন মনিরুল হক চৌধুরী। তাদের কথোপকথনের একটি ভিডিও তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়, যেখানে তাকে অঝোরে কাঁদতে দেখা যায়।
ভিডিওতে তিনি বলেন, পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দুর্ঘটনা নতুন নয়, দীর্ঘদিন ধরেই এমন ঘটনা ঘটছে কিন্তু কার্যকর সমাধান হয়নি। তিনি অভিযোগ করেন, অতীতে ব্যারিকেড নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া অর্থ যথাযথভাবে ব্যবহার করা হয়নি এবং প্রয়োজনীয় কাজ সম্পন্ন হয়নি।
কান্নাজড়িত কণ্ঠে তিনি মন্ত্রীকে বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখার জন্য এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য। একই সঙ্গে চিকিৎসা শেষে দ্রুত দেশে ফেরার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।
জবাবে রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
পুরো কথোপকথনের সময় সংসদ সদস্যকে আবেগাপ্লুত অবস্থায় দেখা গেছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের দুর্ঘটনা দেখে তিনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন এবং এ সমস্যার স্থায়ী সমাধান চান।
উল্লেখ্য, রোববার ভোরে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত হন।
0 Comments