তিন জেলায় সড়ক দুর্ঘটনা, বাস-ট্রেন সংঘর্ষসহ ১৯ জন নিহত

সিবি ডেক্স: দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন এবং হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূরে ঠেলে নিয়ে যায় ট্রেনটি। এ ঘটনায় সাতজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশুসহ মোট ১২ জন নিহত হন। প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালায়। সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় শনিবার দিবাগত রাতে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ চারজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। পিকআপ ভ্যানটি সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে থাকা চারজনের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক ইউসুফ।

এদিকে ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হন। পুলিশ জানায়, একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে চলার সময় শ্যামলী পরিবহনের বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে এ নিয়ে সৃষ্ট জটলায় দোয়েল পরিবহনের আরেকটি বাস এসে ধাক্কা দিলে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে।

Post a Comment

0 Comments