সিবি ডেক্স: চট্টগ্রামের সীতাকুণ্ডে লেবুর চারা নষ্ট করা নিয়ে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে আপন নানা ও মামাদের ইটের আঘাতে রমজান আলী রাজু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট পূর্ব খাদেমপাড়া গ্রামের আব্দুল খালেক সারেং বাড়িতে এ ঘটনা ঘটে।
এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের আপন নানা মোহাম্মদ আজমকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
নিহতের পিতা মোহাম্মদ হারুন ড্রাইভার জানান, শুক্রবার ইফতারের সময় বাড়ির সামনে লাগানো লেবুর চারা নষ্ট হওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী মুছা নামের এক ব্যক্তির সঙ্গে মোহাম্মদ আজমের বাকবিতণ্ডা শুরু হয়। আজমের অভিযোগ ছিল, মুছার পরিবারের শিশুরা তাঁর চারা নষ্ট করেছে। এ সময় রমজান আলী রাজু ঘটনাস্থলে গিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করেন। একপর্যায়ে মুছা সেখান থেকে চলে গেলেও ক্ষুব্ধ আজম ও তাঁর তিন ছেলে মিলে ইট দিয়ে রাজুর বুকে ও মাথায় উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করেন।
রাত ১০টার দিকে রাজুর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় বিএসবিআরএ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়া মা জানান, সেদিন রাতে সন্তানদের নিয়ে ঈদের নতুন জামা কিনতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়ে ছেলেকে কাফনের কাপড়ে বিদায় নিতে হচ্ছে। নিহতের স্ত্রীসহ ১১ বছরের মেয়ে নাফিজা আক্তার ও ৭ বছরের ছেলে রেজওয়ান শোকাহত অবস্থায় রয়েছে। ঈদের আগেই পরিবারের এই শোক এলাকায়ও গভীর প্রভাব ফেলেছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় রাজুর নানা মোহাম্মদ আজমকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
0 Comments