ঈদের দ্বিতীয় দিনে গাবতলীতে যাত্রীচাপ, মুহূর্তেই শেষ হচ্ছে বাসের টিকিট

সিবি ডেক্স: প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন মানুষ। ঢাকার গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই ছিল বাড়তি যাত্রীচাপ, আর চাহিদা বেশি থাকায় অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে বাসের টিকিট।

রোববার (২২ মার্চ) সকালে টার্মিনাল ঘুরে দেখা যায়, রংপুর, খুলনা, রাজশাহী, ঠাকুরগাঁও, বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। সকাল থেকেই বিভিন্ন বাস কাউন্টারে টিকিট সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের।

অনেকেই কর্মস্থল থেকে দেরিতে ছুটি পেয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে যাত্রীর চাপ বেশি।

রংপুরের পীরগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে আসা বেসরকারি চাকরিজীবী রবিউল ইসলাম জানান, তিনি সহজেই টিকিট পেলেও স্বাভাবিক সময়ের তুলনায় ভাড়া কিছুটা বেশি নেওয়া হয়েছে।

সোহাগ পরিবহনের কাউন্টারের কর্মী আবু কায়েস শান্ত বলেন, যাত্রীচাপ এতটাই বেশি যে ২০ মিনিটের মধ্যেই একটি বাসের সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। আধা ঘণ্টারও কম সময়ে একটি বাস ছাড়ার পরপরই পরবর্তী বাসের টিকিট শেষ হয়ে যাচ্ছে। যশোর, মাগুরা, সাতক্ষীরা হয়ে খুলনাগামী যাত্রীর সংখ্যা তুলনামূলক বেশি।

এদিকে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে টার্মিনালজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন।

Post a Comment

0 Comments