Recents in Beach

ব্রেকিং নিউজ

শফি ডাকাত গ্রেপ্তার! পাহাড়ে র‌্যাবের চাঞ্চল্যকর অভিযান টেকনাফে

সিবি ডেক্স: টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ায় রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে র‌্যাবের সফল অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত শফি। সোমবার রাত ১১টার দিকে ২৬ নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার শফি ওরফে ডাকাত শফি (২৮), সি ব্লকের দীল মোহাম্মদের ছেলে, যার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ অন্তত ২১টি মামলা রয়েছে।

অভিযানে র‌্যাব সদস্যরা তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ২টি একনলা বন্দুক, ১টি এলজি, ১০টি এন্টি পারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শর্ট গানের খালি কার্তুজ, ৩টি গ্রেনেড এবং ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান মঙ্গলবার কক্সবাজার র‌্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘ এক মাসের গোপন নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে এবং শফিকে ছিনিয়ে নিতে র‌্যাবকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছোঁড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা ৩ রাউন্ড গুলি ছোঁড়ে এবং অবশেষে শফি ডাকাতকে আটক করে।

র‌্যাব জানায়, শফি দীর্ঘদিন ধরে একটি ভয়ংকর অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল, যারা রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকাজুড়ে চাঁদাবাজি, অপহরণ, খুনসহ নানা অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত ছিল। শফিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments