Recents in Beach

ব্রেকিং নিউজ

বাস-মিনিবাস ভাড়া বাড়ল, আজ থেকেই নতুন হার কার্যকর

সিবি ডেক্স: ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন ভাড়ার হার একই দিন থেকে কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ ভাড়া সমন্বয় করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৪২ টাকার পরিবর্তে ২.৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.১২ টাকা থেকে বাড়িয়ে ২.২৩ টাকা করা হয়েছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আওতাধীন এলাকা—নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৩২ টাকার পরিবর্তে ২.৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে। ঢাকা মহানগরীতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং চট্টগ্রামে ৮ টাকা বহাল থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন ভাড়ার হার গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রতিটি যানবাহনে দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক। পাশাপাশি আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বিন্যাস করা হলে ভাড়ার হার আনুপাতিকভাবে পুনর্নির্ধারণ করতে হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষর করেছেন এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

Post a Comment

0 Comments