রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ৫০০ গ্রাম এবং ১৭ কেজি ওজনের দুটি বিশাল কাতল মাছ। পরে মাছ দুটি ৮৬ হাজার ৭০০ টাকায় কিনে নিয়েছেন ঢাকার এক শিল্পপতি।
শনিবার (২৫ এপ্রিল) সকালে দৌলতদিয়া একতা মৎস্য আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ দুটি বিক্রি করা হয়। ব্যবসায়ী চান্দু মোল্লা নিলামে মাছ দুটি কিনে পরে ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করেন।
চান্দু মোল্লা জানান, শুক্রবার রাতে দৌলতদিয়া ইউনিয়নের বাবু সরদার এবং পাবনার ঢালারচরের জামাল প্রামানিক পৃথকভাবে পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেলেন। ভোরে জাল তোলার পর বাবু সরদারের জালে ১৭ কেজি এবং জামাল প্রামানিকের জালে ২৫ কেজি ৫০০ গ্রামের কাতল ধরা পড়ে।
শনিবার সকালে মাছ দুটি আড়তে তোলা হলে উন্মুক্ত নিলামে সাড়ে ২৫ কেজি ওজনের কাতলটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ৫৫০ টাকায় এবং ১৭ কেজি ওজনের কাতলটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়। মোট ৮২ হাজার ৪৫০ টাকায় মাছ দুটি কেনেন চান্দু মোল্লা।
পরে নিজের ফেসবুক আইডিতে মাছ দুটির ছবি ও ভিডিও প্রকাশ করলে ঢাকার গুলশানের এক শিল্পপতি সেগুলো কিনতে আগ্রহ প্রকাশ করেন। কেজিপ্রতি ১০০ টাকা বেশি দরে তিনি মাছ দুটি ৮৬ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। এতে তার লাভ হয় ৪ হাজার ২৫০ টাকা।
জেলে বাবু সরদার জানান, বর্তমানে পদ্মা-যমুনায় বড় বড় মাছ ধরা পড়ছে। ভালো দাম পাওয়ায় তারা লাভবান হচ্ছেন। তবে জ্বালানি তেলের সংকটে নিয়মিত ট্রলার চালাতে না পারায় মাছ শিকারে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা-যমুনার এ অঞ্চলে মাঝেমধ্যেই বড় আকারের মাছ ধরা পড়ে। এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তোলা গেলে নদীতে তাদের প্রাকৃতিক বংশবিস্তার আরও বাড়বে এবং মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে।
0 Comments