সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ মো. রাসেল (৩৬) ওরফে ‘ডন রাসেল’ নামে এক মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের একটি দল রাসেলকে আটক করে।
আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মানবপাচার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত বলেও উল্লেখ করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে আরও জানা যায়, তার বিরুদ্ধে মাদক, মানবপাচার ও অস্ত্র সংক্রান্ত মোট আটটি মামলা রয়েছে। এর আগে একাধিকবার টেকনাফ থানা পুলিশ তাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছিল।
আটক আসামি ও জব্দকৃত অস্ত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
0 Comments