সিবি ডেক্স: চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা শঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের ইন্দ্রপুল গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘হিমাচল পরিবহন’ নামের একটি পর্যটকবাহী বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। একই সময়ে কক্সবাজার থেকে ‘এভারগ্রিন’ পরিবহন নামের আরেকটি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। দুটি বাস ইন্দ্রপুল গোলচত্বরে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের সদস্যরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তৃষ্ণা সরকার জানান, আহত ২১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মো. সুমন (১৬) ও কুমিল্লা জেলার সালাউদ্দিন (২৫)-এর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
0 Comments