Recents in Beach

ব্রেকিং নিউজ

এনসিপিতে যোগ দিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি ইসহাক সরকারের

সিবি ডেক্স: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়ে যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে পাওয়া অধিকার খর্ব হলে আবারও রাজপথে নামবেন তারা।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এনসিপিতে যোগ দিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসহাক সরকার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা কথা বলার অধিকার পেয়েছেন। বর্তমান শাসকগোষ্ঠী যদি একইভাবে ফ্যাসিবাদী আচরণ করে, তাহলে আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন। তিনি সরকারকে গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে দীর্ঘ প্রায় ১০ বছর কারাগারে থাকতে হয়েছে এবং বহু সহযোদ্ধাকে হারাতে হয়েছে। তার দাবি, এনসিপির মাধ্যমেই দেশের মানুষের মুক্তি সম্ভব।

সাবেক এই যুবদল নেতা অভিযোগ করেন, তার পরিবারের বিরুদ্ধে শতাধিক মামলা ছিল এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে নানা নিপীড়নের শিকার হতে হয়েছে। তিনি বলেন, যে দলে তিনি আগে সম্পৃক্ত ছিলেন, সেটি এখন গণতান্ত্রিক ধারা থেকে সরে গেছে।

ইসহাক সরকার আরও বলেন, অতীতের মতো আবারও দেশে অশুভ প্রভাব ফিরে আসার আশঙ্কা দেখা যাচ্ছে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি ওসমান হাদি হত্যার বিচার না হওয়ায় প্রশ্ন তোলেন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

তিনি বলেন, সব শাসনামলেই তিনি কারাভোগ করেছেন এবং স্বৈরশাসনের অভিজ্ঞতা অর্জন করেছেন। কোনো বিদেশি শক্তি দেশের ওপর আধিপত্য বিস্তার করতে চাইলে তা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন।

এনসিপিতে যোগ দিয়ে তিনি দাবি করেন, এই দলের মাধ্যমেই দেশে নিরাপত্তা, অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। একই সঙ্গে তিনি কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

প্রসঙ্গত, ইসহাক সরকার ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

Post a Comment

0 Comments