সিবি ডেক্স: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় ২০ বছর বয়সী চাকমা সম্প্রদায়ের এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন সকালে ভুক্তভোগী তরুণী থানায় অভিযোগ দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন— আপ্রমং মারমা, থুয়াইচিং মারমা, ওথাইইনু মারমা এবং তাদের সহায়তাকারী ওকরাইজা মারমা।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী সিইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজ এলাকার আনোয়ারা ম্যানশনে ভাড়া বাসায় থাকতেন। গত ১০ এপ্রিল তার এক বন্ধু চিকিৎসার জন্য ফেনী থেকে চট্টগ্রামে এসে তার বাসায় ওঠেন। বিষয়টি একই বাসার বাসিন্দা ওকরাইজা মারমা স্থানীয় পরিচিত ওথাইইনু মারমাকে জানান।
পরে ১৯ এপ্রিল রাতে ওকরাইজা মারমার সহায়তায় কৌশলে ওই তরুণীকে ব্যারিস্টার কলেজ রোডের সিরাজ বিল্ডিংয়ের পাঁচতলায় আপ্রুমং মারমার বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে অভিযুক্তরা ভুক্তভোগী ও তার বন্ধুর মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে আপ্রমং, থুয়াইচিং ও ওথাইইনু তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর নগরীর ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।
ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
0 Comments