শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ: সেতুমন্ত্রী

শিগগিরই শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস ও মিনিবাসের জন্য পৃথক ভাড়ার কাঠামো নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়া নির্ধারণের কাজ চলমান রয়েছে। এটি চূড়ান্ত হলে গণপরিবহনে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ভাড়ার তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হবে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া জানতে পারেন।

তিনি জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি রয়েছে। এসব কমিটি সড়কের ধারণক্ষমতা বিবেচনায় যানবাহনের সংখ্যা নির্ধারণ এবং রুট পারমিট অনুমোদন করে।

এছাড়া সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণপরিবহনের ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং যানবাহনের দৃশ্যমান স্থানে তা প্রদর্শনের নির্দেশ দেয়।

Post a Comment

0 Comments