লেবাননে ইসরাইলের ভয়াবহ হামলায় তিন শতাধিক মানুষের প্রাণহানির খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটি এ হামলার কড়া নিন্দা জানিয়ে বলেছে, এসব আক্রমণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লেবাননের বিরুদ্ধে চলমান ইসরাইলি আগ্রাসনের ফলে নিরীহ মানুষের প্রাণহানি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মৌলিক মানবিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক উদ্যোগকে ক্ষুণ্ন করছে।
পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, হামলা বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের পর ঘোষিত একটি নাজুক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে। পাকিস্তান ও ইরান ইঙ্গিত দিয়েছে, এই যুদ্ধবিরতি লেবাননসহ পুরো অঞ্চলে সম্প্রসারিত হওয়া প্রয়োজন।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল জানিয়েছে, এই যুদ্ধবিরতি লেবাননের পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত নয় এবং সেখানকার সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
পাকিস্তান লেবাননের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপস্থিতির কারণে লেবানন দীর্ঘদিন ধরে আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই প্রেক্ষাপটে ইসরাইল প্রায়ই হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে, যা সাম্প্রতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
0 Comments