মোহাম্মদপুরে সামুরাই দিয়ে ছিনতাই, ভাইরাল দুই ছিনতাইকারী গ্রেপ্তার

সিবি ডেক্স: রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহসুরী রোডে সামুরাই ঠেকিয়ে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল হওয়া দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) রাতে বসিলা এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সামুরাইসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল (২৫) ও শফিক (২২)।

মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

তিনি জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের শেরশাহসুরী রোডে সামুরাই দিয়ে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর এটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে টিম মোহাম্মদপুর। পরে সোমবার রাতে বসিলা এলাকা থেকে তিন ছিনতাইকারীর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত সামুরাই উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারীকে এর আগেও একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। মোহাম্মদপুর অপরাধপ্রবণ এলাকা হওয়ায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এসব অপরাধী গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Post a Comment

0 Comments