সিবি ডেক্স: জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— এএসআই (সশস্ত্র) আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনই গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনজন হলেন— তৎকালীন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) আরিফুজ্জামান (জীবন), তাজহাট থানার তৎকালীন পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম (নয়ন) এবং এসআই বিভূতিভূষণ রায় (মাধব)।
মামলায় মোট ৩০ জন আসামির সবাইকে দণ্ডিত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ছয়জনকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয় এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষ জানায়, মামলায় ২৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। এর মধ্যে প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, সাংবাদিক, বিশেষজ্ঞ এবং পুলিশ সদস্যরা ছিলেন। এছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও টেলিভিশনের লাইভ সম্প্রচারের ভিডিও আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।
0 Comments