সিবি ডেক্স: সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ১ মে মহান শ্রমিক দিবসে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা।
বৃহস্পতিবার সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২ এপ্রিল সংগঠনটির মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় ঈদ পরবর্তী সাংগঠনিক আলোচনা ও পে-স্কেলের গেজেট বাস্তবায়ন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মো. ওয়ারেছ আলী বলেন, ১১ বছর ধরে নতুন পে-স্কেল না থাকায় কর্মচারীরা ঋণে জর্জরিত হয়ে পড়েছেন এবং তাদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে উঠেছে। গত ১১ বছরের মূল্যস্ফীতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সঙ্গে কোনো সমন্বয় না থাকায় তারা আর্থিক সংকটে রয়েছেন। তিনি দাবি করেন, অনেক কর্মচারী জীবিকার তাগিদে অতিরিক্ত কাজ করতে বাধ্য হচ্ছেন। এছাড়া তিনি অভিযোগ করেন, আগের সরকারগুলো তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং বর্তমান প্রধানমন্ত্রীর কাছে দ্রুত পে-স্কেল বাস্তবায়নের অনুরোধ জানান।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাকি বিভাগগুলোতে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। একই সময়ে যেসব এমপি ও মন্ত্রীদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়নি, তাদের কাছে স্মারকলিপি প্রদান করা হবে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের চেষ্টা করা হবে।
আগামী ১ মে জাতীয় শ্রমিক দিবসে প্রেসক্লাব থেকে র্যালি বের করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করা হবে। এর মধ্যে পে-স্কেলের গেজেট বাস্তবায়ন না হলে ওই সমাবেশ থেকে ধারাবাহিক বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
0 Comments