ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১২

সিবি ডেক্স: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মাসুদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ বরগুনা জেলার আমতলী থানার মধ্যচন্দ্রা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, স্বপ্নতরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাওয়ার দিকে যাওয়ার সময় দোগাছি এলাকায় পৌঁছে সামনে থাকা কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দল উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করে।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

Post a Comment

0 Comments