ইরানের সঙ্গে ২১ ঘণ্টার আলোচনায়ও সমঝোতা হয়নি: ভ্যান্স

সিবি ডেক্স: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, ২১ ঘণ্টা ধরে আলোচনা চললেও ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকের পর যুক্তরাষ্ট্র এখন সেখান থেকে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে।

রোববার (১২ এপ্রিল) ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আলোচনায় সহায়তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শাল মুনিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভ্যান্স।

তিনি বলেন, আলোচনায় কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তার জন্য পাকিস্তান দায়ী নয়, কারণ তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে।

ভ্যান্স জানান, দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। এটি হতাশাজনক হলেও যুক্তরাষ্ট্র সৎ উদ্দেশ্য ও নমনীয় মনোভাব নিয়েই আলোচনায় অংশ নিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব রেখে যাচ্ছে, যা বোঝাপড়ার ভিত্তি হিসেবে কাজ করতে পারে। এখন দেখার বিষয়, ইরান সেই প্রস্তাব গ্রহণ করে কি না।

আলোচনার সময় তিনি একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বলেও জানান। গত ২১ ঘণ্টায় ছয় থেকে বারোবার পর্যন্ত ট্রাম্পের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভ্যান্সের সঙ্গে উপস্থিত ছিলেন হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, যারা আলোচনায় অংশ নেওয়া মার্কিন প্রতিনিধিদলের সদস্য ছিলেন।

Post a Comment

0 Comments