পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হয়েছে। আলোচনা শেষে উভয় পক্ষই পাকিস্তান ত্যাগ করেছে।
রোববার (১৩ এপ্রিল) ইরানের সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।
ইরানের প্রতিনিধিদলে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা ইসলামাবাদ ত্যাগ করেন।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসলামাবাদ ছাড়েন। তিনি জানান, দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি এবং ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
‘ইসলামাবাদ টকস’ শিরোনামে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত প্রায় ২১ ঘণ্টা এ আলোচনা চলে। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছিল—কোন বিষয়ে সমঝোতা সম্ভব এবং কোন বিষয়ে নয়। তবে ইরান সেই শর্তগুলো মেনে নেয়নি।
0 Comments