জুলাই সনদের দফা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সিবি ডেক্স: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে এবং সরকারের নীতিমালা অনুযায়ী দেশের সব নাগরিক এসব সুবিধা পাবেন।

রোববার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল সেনাবাহিনীর দরবারে প্রধানমন্ত্রীর প্রথম অংশগ্রহণ।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অতুলনীয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালে দেশ ও জাতিকে সুরক্ষায় বাহিনীর অবদান প্রশংসনীয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার পরিচালনার সময়ও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পত্তি নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরক্ষানীতিকে আধুনিক ও যুগোপযোগী করে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

Post a Comment

0 Comments