নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজে দুই শিক্ষকের নামে কাফনের কাপড়সহ হুমকিমূলক চিঠি পাঠানোর ঘটনায় পুরো ক্যাম্পাসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রহস্যজনক এই ঘটনায় উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহল।
কলেজ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে কলেজ ছুটির সময় প্রধান করণিক রাফিজা খাতুন ডাকযোগে আসা দুটি রেজিস্ট্রি চিঠি গ্রহণ করেন।
রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে কলেজ খোলার পর চিঠি দুটি খোলা হলে প্রত্যেকটিতে তিনটি করে মোট ছয় টুকরো সাদা কাফনের কাপড় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে শিক্ষক-কর্মচারীদের মধ্যে ভীতি ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
চিঠি দুটি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এগুলো কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুস সামাদের নামে প্রেরিত। খামে কোনো প্রেরকের ফোন নম্বর না থাকলেও জনি শেখসহ আরও এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে।
ডাকঘর সূত্রে জানা যায়, চিঠি দুটি রেজিস্ট্রির মাধ্যমে পাঠানো হয় এবং পিয়নের মাধ্যমে অফিসিয়াল রিসিভ নিয়ে সেগুলো কলেজে পৌঁছানো হয়।
ঘটনার বিষয়ে কলেজের অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি গুরুদাসপুর থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ওমর আলী জানান, বিষয়টি জানার পরপরই জরুরি বৈঠক করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কলেজটির ম্যানেজিং কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সংশ্লিষ্টদের ধারণা, ওই বিরোধের জের ধরেই ভয়ভীতি প্রদর্শনের এ ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
0 Comments