সিবি ডেক্স: চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী মিজানুর রহমানের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং লেনদেনের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটা এলাকার বাসায় গিয়ে দেবু প্রসাদ রায় ভুক্তভোগী ও তার বন্ধুর কাছ থেকে নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা নেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের ১৫ মে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আরও ৬ কোটি টাকা গ্রহণ করেন।
এ ছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে মোট ১ কোটি ২০ লাখ টাকা নেওয়া হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ বিকেলে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। বরং টাকা চাইলে নানা অজুহাত দেন এবং একপর্যায়ে হুমকি দিতে থাকেন।
ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, পরিচিতির সূত্রে বিশ্বাস করে তিনি এই অর্থ দেন এবং পরে প্রতারণার শিকার হয়ে থানায় মামলা করেন। বিষয়টির বিচার আদালতেই হবে বলে তিনি জানান।
অভিযোগের বিষয়ে দেবু প্রসাদ রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এ বিষয়ে চিত্রনায়িকা পূজা চেরি বলেন, মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এটি পারিবারিক বিষয় হলেও তিনি এ সম্পর্কে কিছু জানেন না এবং আইনগত প্রক্রিয়ার ওপর আস্থা রাখছেন।
0 Comments