সিবি ডেক্স: এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী সাহাবুদ্দীন এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সিফাত আহমেদ সজিব (২২), মো. সালমান (২২), মো. মেছবাউল আলম মাহিন (১৯) ও মো. মহিদুজ্জামান মুন্না (১৯)।
সিটিটিসি সূত্রে জানা যায়, গত সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের সময় “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ” নামে একটি ফেসবুক পেজ থেকে তথ্য সংগ্রহ করা হয়। প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে একই দিন রাত ৮টা ২০ মিনিটে আশুলিয়ার জিরাবো তাজপুর এলাকায় অভিযান চালিয়ে সিফাত আহমেদ সজিবকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বগুড়ার ধুনট থানা এলাকা থেকে সালমান এবং দিনাজপুরের নবাবগঞ্জ বাজার এলাকা থেকে মেছবাউল আলম মাহিনকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২৪ এপ্রিল) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের শাহ শরীফ জিন্দানীর (রহ.) মাজারসংলগ্ন এলাকা থেকে মহিদুজ্জামান মুন্নাকে আটক করা হয়।
গ্রেপ্তারদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এসব ডিভাইস জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা অবৈধ আর্থিক লাভের উদ্দেশ্যে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছিল এবং সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাকে ব্যাহত করার চেষ্টা করছিল।
এ ঘটনায় ডিএমপির রমনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
0 Comments