ট্রাম্পকে অপসারণে ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি মার্কিন আইনপ্রণেতাদের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের জন্য তার প্রশাসনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির একাধিক আইনপ্রণেতা। তারা যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি তুলেছেন, যেখানে প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তরের বিধান রয়েছে।

অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসমিন আনসারি সর্বশেষ এই আহ্বান জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ট্রাম্প একটি ‘অবৈধ যুদ্ধ’ উসকে দিচ্ছেন এবং ইরানে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হুমকি দিচ্ছেন, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।

এর আগে মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহান ওমরও একই ধরনের বক্তব্য দিয়ে ২৫তম সংশোধনী প্রয়োগের পাশাপাশি ইমপিচমেন্টের দাবি জানান। তিনি ট্রাম্পকে ‘ভারসাম্যহীন’ বলে উল্লেখ করেন।

নিউ মেক্সিকোর কংগ্রেসওম্যান মেলানি স্ট্যান্সবারিও সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে বলেন, এখনই সময় ২৫তম সংশোধনী প্রয়োগের এবং এ বিষয়ে কংগ্রেস ও মন্ত্রিসভাকে পদক্ষেপ নিতে হবে।

ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালশও ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, তিনি দেশের জন্য কলঙ্ক হয়ে থাকবেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফিও মন্তব্য করেছেন, ট্রাম্পের আচরণ ‘অস্বাভাবিক ও নিয়ন্ত্রণহীন’ এবং পরিস্থিতি মোকাবিলায় সাংবিধানিক পদক্ষেপ প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক উত্তেজনা ও ট্রাম্পের বক্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ বাড়ছে।

Post a Comment

0 Comments