আরাকান আর্মির কবল থেকে মুক্তি, টেকনাফে ফিরলেন ১৪ জেলে

সিবি ডেক্স: পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত হয়ে কক্সবাজারের টেকনাফে ফিরেছেন ১৪ জন জেলে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে নৌকাযোগে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম সমুদ্র সৈকত উপকূলে পৌঁছান।

তথ্য অনুযায়ী, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকা স্থানীয় দালালের মাধ্যমে নগদ দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে শনিবার (২৮ মার্চ) টেকনাফের নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

ফিরে আসা জেলেদের একজন রহিম উল্লাহ জানান, আটক অবস্থায় তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। তিনি বলেন, তারা অসুস্থ হয়ে পড়েছিলেন এবং পর্যাপ্ত খাবারও দেওয়া হয়নি। এছাড়া তাদেরকে ফেরত আনার বিষয়ে বাংলাদেশ থেকে যারা যোগাযোগ করেছেন, সে বিষয়ে প্রকাশ না করার জন্য হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে মুক্তিপণের বিষয় এবং স্থানীয় দালালদের ভূমিকা নিয়ে বিস্তারিত বলতে রাজি হননি ফেরত আসা জেলেরা।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, তিনটি নৌকাসহ ১৪ জন জেলে ফিরে এসেছেন। কী প্রক্রিয়ায় তারা মুক্তি পেয়েছেন, তা জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হওয়া যাবে।

Post a Comment

0 Comments