সিবি ডেক্স: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হওয়া ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে তার জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ভোলা কোর্টের পুলিশ পরিদর্শক শেখ মো. নাছির উদ্দিন।
জামিনের বিষয়টি জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদও নিশ্চিত করেছেন। বিবি সাওদা ভোলা পৌর শাখার একজন কর্মী।
জানা যায়, নিজের ফেসবুক আইডিতে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে গত রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকার বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাকে পুলিশ হেফাজতে নেয়। পরদিন সোমবার তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়।
আদালতে দাখিল করা অভিযোগে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই মো. জুয়েল হোসেন খান উল্লেখ করেন, বিবি সাওদা তার ফেসবুক আইডি থেকে সরকার, রাষ্ট্র এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী) সম্পর্কে বিভিন্ন পোস্ট করেছেন। এসব কর্মকাণ্ড সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগে বলা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, তার ব্যবহৃত মোবাইল ফোন ও ফেসবুক পোস্ট পর্যালোচনা শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments