সহকারী জজ সেজে থানায় আশ্রয় চাওয়া ব্যক্তি, ওসির বুদ্ধিতে আটক

সিবি ডেক্স: নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ থানায় হাজির হন এক ব্যক্তি। শুধু পরিচয় দেওয়াতেই থেমে থাকেননি, তিনি পুলিশের বিশেষ পাহারায় রাত কাটানোর ব্যবস্থাও চান। তবে শেষ পর্যন্ত ওসির বুদ্ধিমত্তায় ধরা পড়ে যান ওই প্রতারক।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে পাবনার ঈশ্বরদী থানায় এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি এক নারীসহ থানার ওসির কক্ষে গিয়ে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি পুলিশি পাহারায় রাত্রীযাপনের জন্য সহযোগিতা চান। তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ হয়।

পরবর্তীতে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই-বাছাই শুরু করা হয়। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো বিচারক নন, বরং ভুয়া পরিচয়ে প্রতারণার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত স্থান ত্যাগ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন, তবে নৈতিক স্খলনের অভিযোগে তিনি চাকরি হারান।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

Post a Comment

0 Comments