সিবি ডেক্স: ইরানের সঙ্গে চলমান তীব্র সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে সামুদ্রিক অবরোধ আরোপের মার্কিন পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কঠোর অবরোধের আহ্বানে যোগ দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে ন্যাটোর প্রভাবশালী মিত্র দেশগুলো। মূলত ইরানের সাথে ছয় সপ্তাহের আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প এই অবরোধের ঘোষণা দিলেও মিত্রদের পাশে না পাওয়ায় জোটে নতুন করে টানাপোড়েনের আশঙ্কা তৈরি হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন যে, ব্রিটেনের ওপর যথেষ্ট চাপ থাকা সত্ত্বেও তারা এই মুহূর্তে যুদ্ধের অংশ হতে চান না। ব্রিটেনের পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড এবং গ্রিসও এই অভিযানে নৌবাহিনী পাঠাতে অনীহা প্রকাশ করেছে। মিত্র দেশগুলোর অবস্থান হলো, যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তারা এই ধরণের কোনো প্রক্রিয়ায় জড়াবে না।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পরিস্থিতি সামাল দিতে একটি ভিন্নধর্মী প্রস্তাব দিয়েছেন। তিনি ট্রাম্পের সরাসরি সংঘাতের নীতির বাইরে গিয়ে ব্রিটেন ও অন্যান্য দেশগুলোর সঙ্গে মিলে একটি বহুজাতিক মিশন গঠনের পরিকল্পনা করছেন। ম্যাক্রোঁ স্পষ্ট করেছেন যে, এই মিশনের উদ্দেশ্য কোনো আক্রমণাত্মক অভিযান নয়, বরং পরিস্থিতি স্বাভাবিক হলে কেবল আত্মরক্ষামূলক ও শান্তি রক্ষার কাজ করা এবং জাহাজ চলাচল স্বাভাবিক রাখা। মিত্রদের এমন পিছুটান প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষুব্ধ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
0 Comments