শার্শায় শিশুকে ধর্ষণের চেষ্টা: কার্টুন দেখানোর প্রলোভন দেওয়া সেই ‘মামা’ গ্রেপ্তার

সিবি ডেক্স: যশোরের শার্শায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাবুল গাজী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) উপজেলার গাতিপাড়া গুচ্ছগ্রাম এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। পুলিশ অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মাথায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ভুক্তভোগী শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। প্রতিবেশী হওয়ার সুবাদে অভিযুক্ত বাবুল গাজীকে সে ‘মামা’ বলে ডাকত এবং তাদের বাড়িতে যাতায়াত ছিল। সোমবার দুপুরে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের শয়নকক্ষে ডেকে নেয় বাবুল। সেখানে কার্টুন দেখার একপর্যায়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি জানাজানি হয় এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর শিশুটির পিতা সাইদুজ্জামান সাঈদ বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত বাবুল গাজীকে আটক করে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত বাবুল গাজীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments