শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে পুনরায় অনুরোধ

সিবি ডেক্স: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। একই সফরে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

আলোচনায় দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান ও পারস্পরিক লাভের ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

এ সময় শহীদ ওসমান হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠাতে উভয়পক্ষ একমত হয়েছে।

ভারতের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আগামী সপ্তাহগুলোতে সহজ করা হবে।

এছাড়া বাংলাদেশে ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর অনুরোধ জানানো হলে ভারত তা ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে।

Post a Comment

0 Comments