সিবি ডেক্স: স্বচ্ছতা বৃদ্ধি এবং খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ নিরসনে জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (৬ এপ্রিল) সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) এর করা এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তালিকা উপস্থাপন করেন।
তালিকায় দেখা যায়, শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের মধ্যে ৯টিই এস আলম গ্রুপের। প্রতিষ্ঠানগুলো হলো— এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস. আলম রিফাইনড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লি., গ্লোবাল ট্রেডিং করপোরেশন লি., চেমন ইসপাত লি., এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লি. এবং ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আর্থিক অনিয়মের অভিযোগে এস আলম গ্রুপ বর্তমানে কঠোর তদন্তের মুখে রয়েছে। গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধেও অর্থ আত্মসাৎ ও অর্থ পাচার সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে।
বিভিন্ন প্রতিবেদনে গ্রুপটির বিরুদ্ধে ব্যাংক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভিযোগ রয়েছে, সন্দেহজনক পদ্ধতিতে একাধিক বেসরকারি ব্যাংক, যার মধ্যে ইসলামী ব্যাংকও রয়েছে, নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে তারা।
এছাড়া শেল কোম্পানি ও জামানতবিহীন ঋণের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে, যা দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়।
গ্রুপটির বিরুদ্ধে বড় পরিসরের অর্থ পাচার এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া অফশোর সম্পদ অধিগ্রহণের বিষয়েও তদন্ত চলমান রয়েছে।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর খেলাপি ঋণ পুনরুদ্ধারের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রুপটির ব্যাংক হিসাব জব্দ করেছে।
0 Comments