মিরপুরে স্কুলকক্ষে ছাত্রীকে আটকে ধর্ষণের অভিযোগে পিয়ন গ্রেপ্তার

সিবি ডেক্স: কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে ওই বিদ্যালয়ের পিয়ন মো. হামিদুল ইসলাম (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা করেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তার হামিদুল ইসলাম উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বিদ্যালয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত আটটার দিকে তারা বিদ্যালয়ে গিয়ে পিয়ন হামিদুলের কাছে মেয়ের খোঁজ জানতে চাইলে তিনি বিদ্যালয়ে কেউ নেই বলে দাবি করেন এবং কক্ষের চাবি দিতে অস্বীকৃতি জানান।

এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে পিয়নের কাছ থেকে চাবি নিয়ে বিদ্যালয়ে তল্লাশি চালান। এ সময় বিদ্যালয়ের নিচতলায় ছাত্রীর স্যান্ডেল এবং দোতলায় স্কুলব্যাগ পাওয়া যায়। পরে তিনতলার একটি কক্ষ থেকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

ভুক্তভোগী ছাত্রীকে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, স্বাস্থ্য পরীক্ষায় নির্যাতনের আলামত পাওয়া গেছে। বর্তমানে ছাত্রীটি আশঙ্কামুক্ত।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় হামিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

Post a Comment

0 Comments