হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতে ফেরত চাইল বাংলাদেশ, ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

সিবি ডেক্স: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় নিজেদের দাবি ভারতের কাছে পুনরায় উত্থাপন করেছে বাংলাদেশ। শুক্রবার (১০ এপ্রিল) মরিশাসের পোর্ট লুইসে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক শেষে মরিশাসে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল ভারতের সঙ্গে বাংলাদেশের প্রথম উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে বিষয়টির সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়েও আলোচনা হয়েছে। সফরের তারিখ এখনও চূড়ান্ত না হলেও দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে ইতোমধ্যে চিঠি বিনিময় ও ফোনালাপ হয়েছে।

বৈঠকে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট মোকাবিলা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। সার্ক ও বিমসটেক সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী।

Post a Comment

0 Comments