দৌলতপুরে কথিত পীরের আস্তানায় হামলা, গণপিটুনিতে মৃত্যু

সিবি ডেক্স: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ইসলাম ধর্ম বিকৃতি ও অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক কথিত পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হামলার ঘটনাটি ঘটে এবং বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলী মাস্টারের ছেলে শামীম রেজা দীর্ঘদিন ধরে এলাকায় একটি আস্তানা গড়ে তুলে বিতর্কিত ধর্মীয় মতবাদ প্রচার করে আসছিলেন। তার বিরুদ্ধে নিজেকে সৃষ্টিকর্তা বা নবী দাবি করা এবং ইসলামের মৌলিক স্তম্ভ যেমন নামাজ, রোজা ও হজ অস্বীকার করার অভিযোগ ছিল। এছাড়া মক্কার পরিবর্তে স্থানীয় একটি বাঁশ বাগানে হজ পালনের নির্দেশ এবং দাফনের সময় ঢাকঢোল বাজানোর মতো অস্বাভাবিক আচারের কারণে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি হয়।

শনিবার সকাল থেকেই তার কর্মকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েক হাজার মানুষ তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পৌঁছানোর আগেই উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে। এ সময় তার অন্তত সাতজন অনুসারী আহত হন এবং তারা বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এলাকাবাসীর হামলায় গুরুতর আহত অবস্থায় শামীম রেজার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Post a Comment

0 Comments