সিবি ডেক্স: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের দুর্নীতির মামলার বিচার আবারও শুরু হচ্ছে। আগামী রোববার থেকে পুনরায় এই মামলার শুনানি শুরু হবে বলে জানিয়েছে দেশটির আদালত।
ইরানের সঙ্গে যুদ্ধের জেরে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর আদালতের এক মুখপাত্র এ তথ্য জানান।
আদালতের এক বিবৃতিতে বলা হয়, জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক হওয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মামলার শুনানি পুনরায় শুরু করা হচ্ছে। এই শুনানি প্রতি সপ্তাহের রোববার থেকে বুধবার পর্যন্ত চলবে।
নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। কয়েক বছরের তদন্ত শেষে ২০১৯ সালে তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়।
তবে শুরু থেকেই নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
২০২০ সালে শুরু হওয়া এই মামলায় তার কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দাপ্তরিক ব্যস্ততার কারণে বিচার কার্যক্রম একাধিকবার পিছিয়ে গেছে এবং এর সমাপ্তি কবে হবে, তা এখনো অনিশ্চিত।
0 Comments