শীলখালীতে ৪২ হাজার ইয়াবাসহ তিন মাদক পাচারকারী আটক

সিবি ডেক্স: কক্সবাজারের শীলখালীতে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।

আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তারা হলেন—টেকনাফ থানার উত্তরপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর থানার সমিতিপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের মেয়ে মোসা. বিউটি (২৭) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে মোসা. মাহিম (১৯)।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, মঙ্গলবার (১০ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো ২১টি পোটলা থেকে আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি আরও জানায়, মাদক চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments