সিবি ডেক্স: কক্সবাজার সদর এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে নিহত আজিমের বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহর কাছ থেকে ঘটনার খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিনের নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে।
পরে দুপুর আনুমানিক ১টার দিকে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল আসামি রবিউল হোসাইন ওরফে রবি (২৬)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২ এপ্রিল দুপুরে আসামির বাড়ির সামনে এনজিওর কিস্তির টাকা নিয়ে ভিকটিম আজিমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আসামি ক্ষিপ্ত হয়ে ঘরের পাশ থেকে একটি কাঠের বাটাম এনে আজিমের মাথায় আঘাত করে।
এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান আজিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর দ্রুত অভিযান চালিয়ে পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
0 Comments