যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের নিশানা করে একটি হামলার পরিকল্পনা করা হয়েছিল। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্ত অনুযায়ী, এই তালিকায় সম্ভবত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ছিলেন। বর্তমানে সন্দেহভাজন ওই হামলাকারীকে নিয়ে নিবিড় তদন্ত চলছে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক সাক্ষাৎকারে টড ব্ল্যাঞ্চ বলেন, তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে বন্দুকধারী হোটেলের ভেতরেই তার অস্ত্রটি জোড়া লাগিয়েছিলেন কি না। তবে হামলাকারী খুব বেশি দূর এগোতে পারেননি এবং প্রেসিডেন্টের নিরাপত্তাবেষ্টনীর সামান্যই তিনি অতিক্রম করতে পেরেছিলেন।
তদন্তে জানা গেছে, সন্দেহভাজন ওই ব্যক্তি লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে প্রথমে শিকাগো এবং পরে সেখান থেকে ওয়াশিংটন ডিসিতে আসেন। তিনি ওয়াশিংটন হিলটন হোটেলে অবস্থান করছিলেন, যেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরও জানান, আগামী সোমবার ওই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হবে। তবে বর্তমানে তিনি তদন্তকারী কর্তৃপক্ষকে কোনো ধরনের সহায়তা করছেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ট্রুথ সোশ্যাল পোস্টে সন্দেহভাজন কোল টমাস অ্যালেনের ছবি প্রকাশ করেছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনার তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। তদন্তে উঠে এসেছে সন্দেহভাজন হামলাকারীর গতিবিধি ও পরিকল্পনার নানা দিক।
সূত্র: Prothom Alo

0 Comments