খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রশিদুজ্জামান মোড়ল প্যারোলে মুক্তি পেয়ে তার আপন বোনের জানাজায় অংশ নিয়েছেন। সোমবার রাতে পাইকগাছা উপজেলার রেজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এমপি রশিদুজ্জামান মোড়লের বড় বোন রওশনারা মোড়ল (৭০) সোমবার সকালে কাশিমনগর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা রশিদুজ্জামানের প্যারোলে মুক্তির জন্য তার মেয়ে মৃত্তিকা জামান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। মানবিক দিক বিবেচনা করে আবেদনটি মঞ্জুর করা হলে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়।
সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে পুলিশি প্রহরায় রশিদুজ্জামান মোড়ল তার বোনের বাড়িতে পৌঁছান এবং জানাজায় শরিক হন। জানাজার সব আনুষ্ঠানিকতা শেষে রাতেই তাকে পুনরায় পুলিশি পাহারায় যশোর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক।
বোনের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মোড়ল। সোমবার রাতে পুলিশি প্রহরায় তিনি জানাজায় অংশ নেন এবং পরে পুনরায় কারাগারে ফিরে যান।
সূত্র: Jagonews24

0 Comments