বিশ্ব বই দিবস উপলক্ষে সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় রোমাঞ্চকর উপন্যাস ‘চাঁদের পাহাড়’ নিয়ে এক বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ এপ্রিল প্রথম আলো সাতক্ষীরা কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস আগামী দিনের কর্মপরিকল্পনা এবং পাঠচক্রের উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য দেন। এরপর উপস্থিত সদস্যরা ধারাবাহিকভাবে উপন্যাসটির সারসংক্ষেপ উপস্থাপন করেন। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ বর্ণনাশৈলী ও প্রকৃতিচিত্রণ পাঠকদের মনে যে গভীর প্রভাব ফেলে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সহসাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান বলেন, ‘চাঁদের পাহাড়’ কেবল একটি রোমাঞ্চকর ভ্রমণকাহিনি নয়; এটি মানুষের স্বপ্ন, সাহস, অধ্যবসায় এবং অজানাকে জানার অদম্য ইচ্ছার প্রতীক। শংকরের চারিত্রিক দৃঢ়তা ও প্রতিকূলতাকে জয় করার মানসিকতা তরুণদের জন্য অনুকরণীয়। পাঠচক্রের শেষে মুক্ত আলোচনায় বন্ধুরা নিজেদের অনুভূতি ও শিক্ষণীয় দিকগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ, সহসভাপতি রাহাতুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ব বই দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস চাঁদের পাহাড় নিয়ে বিশেষ পাঠচক্র করেছে বন্ধুসভা। বই পড়ার গুরুত্ব ও উপন্যাসের সাহসী চরিত্র শংকরের অনুপ্রেরণামূলক দিক নিয়ে আলোচনা করেন সদস্যরা।
সূত্র: Prothom Alo

0 Comments